নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটকের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনায় থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
নিহত তাজুল হারাগাছ থানার দালালহাট নয়াটারি গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ সন্ধ্যার পর হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে অভিযান চালিয়ে তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধর শুরু করেন।
এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল ইসলাম। এরই প্রতিবাদে থানা ঘেরাও করে এলাকাবাসী। ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে দেখা গেছে। এ ঘটনায় হারাগাছ থানার ওসি শওকত আলীর দাবী মাদক বিরোধী অভিযানে পালানো কালে আতঙ্কে তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, পিটিয়ে হত্যার অভিযোগটি সত্য নয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

No comments:
Post a Comment