নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় স্থানীয় জিন্নাহ্-চম্পা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ১০ দফার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। তিনি বালাপাড়া ইউপির ৬নং ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচিত হলে তিনি বালাপাড়া ইউনিয়নকে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত মডেল ইউনিয়ন গঠন, সকল নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রের মান উন্নয়ন করে চিকিৎসা সেবা, বৈষম্য দূর নীতিমালা অনুযায়ী গ্রামীন অবকাঠামোর সমউন্নয়ন, ওয়ার্ডভিত্তিক ক্লাব তৈরি করে খেলাধুলা ও চিত্তবিনোদনের আয়োজন, বাসস্ট্যান্ড হাটবাজার রেলষ্টেশন ইত্যাদি স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন, গ্রাম আদালতে ধার্য্যকৃত ফিস প্রত্যাহার করে গরীব অসহায় মানুষের ফ্রী ন্যায় বিচার, বাল্যবিয়ে নারী নির্যাতন মাদক ইভটিজিং সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ, নারীদের বিশেষ কোটা সংরক্ষণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবাসমূহ সুষ্ঠভাবে স্বল্প সময়ে প্রাপ্তি নিশ্চিত করে সু-শাসন প্রতিষ্ঠা করবেন বলে ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার সময় এসএম আমিরুল ইসলাম পলাশের স্ত্রী মোছা. খাদিজা পারভীনসহ তার নিকটাত্মীয় ও সমর্থক আব্দুল মজিদ, আবেদ আলী, আরমান আলী, আমিনুল ইসলাম সাগর, মকবুল হোসেন, আব্দুর সাত্তার, আব্দুল্লাহ আল মাসুম, শিরিন আক্তার ও আইরিন পারভীন উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment