Thursday, September 2, 2021

কাউনিয়ায় মাছের সাথে শত্রুতা, পুকুরে দিলো বিষ

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ২০ হাজার টাকার মাছ মারা গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী। উপজেলার সারাই ইউপির ভিতরকুঠি পুর্বপাড়া গ্রামে গতকাল বুধবার ভোররাতে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার আঃ ছালাম বাড়ির সামনে পুকুরে দীর্ঘদিন ধরে নানা জাতীয় মাছ চাষ করছেন। মাছ বড় হলে সে মাছ বিক্রি করেই তার জীবন-জীবিকা নির্বাহ করেন। পুকুরে কোন পাহাড়াদার না থাকায় ওইদিন ভোরের দিকে কে-বা কাহারা ছালামের ক্ষতি করতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে।

আঃ ছালাম জানান, বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে তার পুকুরপাড়ে প্রতিবেশি ফুপাত ভাই কাফি মিয়াকে হেটে যেতে দেখেছেন। এরপর তিনি সকালের দিকে পুকুরপাড়ে গিয়ে বিষের গন্ধ পান। সকাল থেকে দুপুর পর্যন্ত পুকুরে মাছ মরে মরে ভেসে উঠছে। তার দাবী কাফি মিয়া শত্রুতা করে পুকুরে বিষ দিয়েছে। কাফির সাথে তার জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে, মামলাও আছে।

তবে অভিযুক্ত কাফি মিয়া বাড়িতে না থাকায় বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। সারাই ইউপি সদস্য বকুল মিয়া জানান, মাছ চাষী ছালাম কাফি ফুপাত ভাই। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছে। পুকুরে কে বা কাহারা বিষ দিয়েছে তা বলা মুশকিল। ক্ষতিগ্রস্ত ছালামের ধারনা শত্রুতার জের ধরে কাফি তার পুকুরে বিষ দিয়েছে।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পারলাম। ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

-এমআর

No comments:

Post a Comment