নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় অটো চালকসহ ৪ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার হলদীবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, হলদীবাড়ি রেলক্রসিং দিয়ে পীরগাছা থেকে ছেড়ে আসা দোলনচাপা ট্রেন অতিক্রম কালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে।
গেট খুলে দিলে যান চলাচল শুরু হলে কুড়িগ্রামগামী ফাইভ ষ্টার (ঢাকা মেট্রো-ব ১৩-১৫৮০) নামে যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে দাড়িয়ে থাকা একটি মালবাহী পিকআপকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি আকাশ ফার্মেসি নামে একটি দোকানে ঢুকে পড়ে। এরপর বাসটি আরেক ব্যাটারি চালিত অটোকে ধাক্কা দিলে অটোটি লাইনের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা ইবনে সিনা কোম্পানির প্রতিনিধি বাদল সরকার (২৮), লালমনিরহাট সদরের আলোরূপা মোড়ের মৃত আঃ রশিদের ছেলে জাফর আলী (৩৫), কাউনিয়া উপজেলার তকিপল বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদ (৪৫) এবং লালমনিরহাট জেলার মোজাম্মেল হকের ছেলে মিজু (৩২)।
কাউনিয়া থানাপুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে পাঠিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। পরে আশঙ্কাজনক ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

No comments:
Post a Comment