Tuesday, October 13, 2026

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা 

'ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি' প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মেজবাহুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আব্দুস সাত্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

অগ্নিনির্বাপন মহড়ায় কাউনিয়া ফায়ার সার্ভিসের একদল ফায়ার ফাইটার উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও এনজিও সদস্যদের নিয়ে অগ্নিকাণ্ডের আপদকালীন উদ্ধার ও অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। 

এমআর

Friday, October 9, 2026

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে বামনের হাট কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কাউনিয়া উপজেলা শাখা এ সভা আয়োজন করে। 

সভায় সংগঠনটির যুগ্ন আহবায়ক ক্ষুদিরাম চন্দ্র বর্মনের সভাপতিত্বে পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয়, নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসবের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নানাদিক তুলে ধরেন সংগঠনের আহবায়ক বিজয় গোস্বামী বকুল। সভায় সংবাদকর্মীদের সহযোগিতা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাংবাদিক ও দৈনিক ঢাকা পত্রিকার সহবার্তা সম্পাদক মোহন রায় ফুলবাবুসহ কর্মরত সাংবাদিকগণ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। 

এমআর

Wednesday, October 7, 2026

কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যসমূহ পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। 

সভায় জানানো হয়, উপজেলায় এবার ৭৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, প্রবেশ ও বর্হিগমন পথ, নিজস্ব সেচ্ছাসেবক, নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

একই সঙ্গে গুজব, অপতথ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও বলা হয়েছে। 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অংকন পাল, ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. রোকেয়া বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমআর

Sunday, September 27, 2026

কাউনিয়ায় অগ্নিকান্ডে বসতবাড়ির ১টি ঘর পুড়ে ছাঁই


নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে আতিকা বেগম নামে এক গৃহবধূর বসতবাড়ির টিনসেড খড়ির ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। 

ডিএসবি কাউনিয়া জোনের (এসআই) এমএইচআর হাবিব জানায়, অগ্নিকাণ্ডে বসতবাড়ির একটি টিনসেড খড়ির ঘর ও ঘরে থাকা খড়ি/লাকড়ি পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় শয়ন ঘরটি আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিক ভাবে বিড়ি/সিগারেটের অবশিষ্টাংশ বলে ধারণা করা হচ্ছে। 

ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। আগুনে ঘর ও ঘরে থাকা জিনিসপত্র পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এমআর

Saturday, September 12, 2026

কাউনিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা 

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশাসহ মশাবাহিত বিভিন্ন প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে জমে থাকা পানি, আগাছা ও বর্জ্য অপসারণ করে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার এসআই রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ। 

এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন কর্মসূচির সচিত্র প্রদর্শনীতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা। 

এমআর

Saturday, September 5, 2026

কাউনিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির নেতৃত্বে ব্যানার-ফেস্টুন আর সাজসজ্জায় মুখর বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মহিলা কলেজ মাঠে এসে শেষ হয়। 

এমআর

Thursday, September 3, 2026

কাউনিয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় নিরাপদ ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষক-কৃষাণীদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। 

প্রশিক্ষণে উপজেলার প্রান্তিক ৩০ জন কৃষক-কৃষাণীরা অংশ নেন। 

এ সময় কৃষিতে উদ্ভাবিত বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, উৎপাদন কৌশল, বালাইনাশক প্রয়োগ ও সম্ভাব্য সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মাহমুদা খাতুন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মো. আবু সাঈদ প্রমূখ। 

কৃষকদের উৎপাদন খরচ কমাতে জৈব বালাইনাশক ও সার প্রয়োগের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নতুন জাতের প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন বক্তারা। 

এমআর